

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরো চারজন। রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে ঘটেছে এই দুর্ঘটনাটি।
নিহতের বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে। ওই বৃদ্ধ সকালে তার ভ্যানে করে তারই গ্রামের ঢাকাগামী চার যাত্রীকে বাসে তুলে দেওয়ার জন্য রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে নিয়ে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতরা হলেন, ভ্যানের যাত্রী সুরমা বেগম (৩৫), তানভীর (১৩) মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা রজন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে হামিম পরিবহনের বাসটি রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে আসে। গাড়িটি পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালকসহ পাঁচজন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবনী জানান, একজনকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। আহত বাকি চারজনের শরীরেও মারাত্মক ইনজুরি থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
