

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুজনই বল খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়।
শুক্রবার দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে আরহাম (২) নামে শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশু দারিয়াপুর গ্রামের আতিক উল্লাহর ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পুকুরঘেঁষা উঠানে বল খেলছিল শিশু আরহাম। খেলতে খেলতে একপর্যায়ে আরহাম পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে আরহামকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান আরহামকে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বৃহস্পতিবার উপজেলা সদরের পূর্ব দাপুনিয়া এলাকায় জুনাইদ নামে তিন বছরের শিশু নিহত হয়েছে। নিহত জুনাইদের গ্রামের বাড়ি হিরনপুরে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারটি বর্তমানে পূর্ব দাপুনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
জানা যায়, তিন বছরের শিশু জুনাইদ বাসার পাশে একা একা বল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পাশের পানিভর্তি খালে পড়ে যায় সে। কিছুক্ষণ পর খালের পানিতে তার বলটি ভাসতে দেখে সন্দেহ হয় স্বজনদের। প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় শিশুটিকে। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বল নিয়ে খেলার সময় জুনাইদ খালের পানিতে পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। উভয় ঘটনায় পরিবার কোন অভিযোগ করেনি।
