

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে খালের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জুনাইদ। বৃহস্পতিবার উপজেলা সদরের পূর্ব দাপুনিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত জুনাইদের গ্রামের বাড়ি হিরনপুরে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারটি বর্তমানে পূর্ব দাপুনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
জানা যায়, তিন বছরের শিশু জুনাইদ বাসার পাশে একা একা বল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পাশের পানিভর্তি খালে পড়ে যায় সে। কিছুক্ষণ পর খালের পানিতে তার বলটি ভাসতে দেখে সন্দেহ হয় স্বজনদের। প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় শিশুটিকে। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বল নিয়ে খেলার সময় জুনাইদ খালের পানিতে পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
