

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী রাজ্জাক হত্যার ১১ বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে দ্রুত ন্যায় বিচার পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর তালতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত রাজ্জাকের মা-বাবা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
রাজ্জাকের মা কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রকাশ্য দিবালোকে আমার একমাত্র ছেলেকে আশরাফ পাহাড়িরর ছেলে রুবেল কুপিয়ে হত্যা করেছে। আদালতে মামলার সকল সাক্ষ্য গ্রহণ শেষ হলেও রায় পেতে দেরি হচ্ছে। আমি আমার ছেলে হত্যার ন্যায় বিচার দেখে মরতে চাই। তিনি স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দ্রুত ন্যায় বিচার পেতে সাহায্য চেয়েছেন।
এ বিষয়ে রাজ্জাক হত্যা মামলার আইনজীবী মো.জহুরুল ইসলাম জহির মুঠোফোনে বলেন, এখনো সাক্ষী চলমান। চলতি মাসের শেষ দিকেও সাক্ষী গ্রহণের শুনানি রয়েছে। সাক্ষী শুনানি শেষ হলে মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
মানববন্ধনে নিহতের মা-বাবা, স্বজন, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ জুলাই সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফাহিম সুপার মার্কেটের ‘রক স্টাইল ফ্যাশন হাউজ’ নামের দোকানের মালিক রুবেল পাহাড়ি দুপুর আড়াইটার দিকে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
