

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশী কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের বিশ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা মঙ্গলবার বিকেলে রাস্তায় ঘুরতে বের হয়। এসময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান (৭০) তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সন্ধ্যার দিকে মেয়েকে ঘরে না পেয়ে তার মা খুঁজতে বের হয়ে লোকমানের বাড়ির পাশের রাস্তায় দুইজনকে দেখতে পায়। এসময় যন্ত্রণায় কাঁদতে থাকা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে লোকমানের দিকে তাকালে সে তরুণীর মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে এবং এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায়।
ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২২ জুলাই) দুপুরে প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে অভিযুক্ত লোকমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ২৯) দায়ের করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
