

পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনের হাওরাঞ্চলে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। অকাল বন্যায় পানিতে তলিয়ে গেছে গোচারণ ভূমি। বোরো মৌসুমে কৃষকগণ হাওরে ধান কাটতে পারেনি। যার দরুন ধানের খড় সংগ্রহ করতে পারেনি কৃষক। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো কৃষক ও খামারি গবাদিপশুর খাদ্য সংকটে চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিন ভুক্তভোগী কৃষক ও খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিবৃষ্টি ও বন্যায় বিস্তীর্ণ চারণভূমি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি গরুর জন্য সংরক্ষণ করে রাখা ধানের খড় ও অন্যান্য গো-খাদ্য নষ্ট হয়ে গেছে। ফলে খাদ্যের অভাবে অনেক গবাদিপশু দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদ-নদীর পানি বৃদ্ধির কারণে গত কয়েক দিন ধরে পানিতে নিমজ্জিত থাকায় ঘাস ও গোখাদ্য পচে গেছে। দুর্গন্ধযুক্ত পরিবেশের কারণে অনেক গবাদিপশু স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে না। ফলে পশুর স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব আলম জানান, আমি মদন উপজেলায় নতুন যোগদান করেছি, তবে অতিবৃষ্টি ও আগাম বন্যার কারণে গো-খাদ্যের সংকট রয়েছে এ উপজেলায়। খামারিদের সহযোগিতা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতিতে মানুষের পাশাপাশি গবাদিপশুর মালিকরাও চরম সংকটে রয়েছেন। সরকারি বরাদ্দের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
