

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানান তিনি।
