

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, সফল উদ্যোক্তাদের সম্মাননা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজিদুল মামুন। কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাইবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মনিরুল ইসলাম, কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুন, মৎস অফিসার কারিশমা আহমেদ জ্যাকসি, পরিসংখ্যান অফিসার বিউটি আক্তার, খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতির বিকাশের বিকল্প নেই। কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
