

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইকের আনুমানিক মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়কে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে বিজিবির একাধিক দল সম্ভাব্য রুটে অবস্থান নেয় এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
একপর্যায়ে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে একটি ইজিবাইক যেতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় ইজিবাইকে থাকা কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িটি ঘটনাস্থলে ফেলে পাশের এলাকায় পালিয়ে যান।
পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
