

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের রিপন মিয়ার ছেলে আব্দুর রহমান (১১) ও নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহত দুই স্কুল ছাত্র সম্পর্কে চাচা-ভাতিজা। আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ও ফয়সাল স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
