

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় ভাটিয়াপাড়া-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জিএম মাহবুবুর রহমান লিটন, কেএম জীবন জিয়া, কেএম হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকের আগ্রাসন ভয়াবহ আকার ধারণ করেছে। থানার পাশে এই ৬ নং ওয়ার্ড এর অবস্থান। পুলিশ প্রশাসনের নাকের ডগায় দেদারছে মাদক বিক্রি করছে মাদক ব্যবসায়ীরা। এতে করে বাড়ছে মাদকসেবী ও কারবারি। বক্তারা মাদক কেনাবেচা বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মানবন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
