

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নাই, সাংবাদিকদের কাজটা যদি সাংবাদিকরা করেন তাহলে সমাজ উপকৃত হবে, রাজনীতি উপকৃত হবে, রাষ্ট্রও উপকৃত হবে। সাংবাদিকদের রাজনৈতিক সচেতন হতে হবে, তবে একেবারে রাজনীতির ভিতরে ঢুকে পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা’।
বুধবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, ‘জনগণের কল্যাণে সাংবাদিকদেরকে কাজ করতে হবে, সমাজে বিভিন্ন অসংগতি বৈষম্য ও অনৈতিক কর্মকান্ডের বিষয় গুলোকে তোলে ধরে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বিগত ১৫ বছরে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সাংবাদিকতার মানকে প্রশ্নবিদ্ধ করে গেছে। আমি আশা করি, আপনারা সাংবাদিকতার মনটা ধরে রাখবেন’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মোঃ রইছ উদ্দিন, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহিদ, গৌরীপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মোঃ শামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরুজ্জামান সোহেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
