

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইউসুফ আলীর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই আব্দুস ছালামও (৪০) গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র আসওয়াদ। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান। গুরুতর আহত আব্দুস ছালামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে মো. ইউসুফ মোল্লা (৩৫) তার বড় ভাই সালাম মোল্লা (৪০) ও তার স্ত্রী আমেনার সঙ্গে পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে ঢুকে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদকে কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাধা দিতে গেলে বড় ভাই আব্দুস ছালামও হামলার শিকার হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযুক্ত ইউসুফ মোল্লাকে তাৎক্ষণিক আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
