

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: যুক্তরাজ্যে লন্ডনের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার বাসিন্দা শামীমা নাসরিন তন্বী নামের এক নারী। লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাসরত শামীমা নাসরিন তন্বী “নিউহাম ইন্ডিপেন্ডেন্টস” পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর পদে বিজয়ী হন।
শামীমা নাসরিন তন্বী মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার আরিফুর রহমানের স্ত্রী। তার বিজয়ের সংবাদে হাওরাঞ্চলের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীমা নাসরিন টাঙ্গাইল সদরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন) এর একমাত্র কন্যা। একাডেমিকভাবে তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। পেশাগত জীবনে তিনি NHS (National Health Service) এর মেডিকেল সেক্রেটারি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক হিসেবে সুপরিচিত। তন্বীর এই বিজয়ে মদনবাসীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও উচ্ছাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তন্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাসালিয়ায়। ২০২৪ সালে মদন পৌরসভার বাসিন্দা মোঃ গোলাম মাওলা খানের তৃতীয় পুত্র আরিফুর রহমান খানের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কাউন্সিলর শামীমা নাসরিন তন্বী বলেন, কমিউনিটি উন্নয়ন, জনসেবা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করতে চাই।

