

শহিদ জয়, যশোর: ফেন্সিডিলে রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে যশোরের বেনাপোলের মাদক কারবারি মামনি খাতুন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামনি খাতুন যশোরের বেনাপোলের বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসাঃ ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে আদালত সূত্র জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্টের বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত আসামির দুই তলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম।
সকাল ১১টার দিকে বাড়িতে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার পশ্চিম পাশের শোবার ঘরের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে বেনাপোল থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনি খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
বুধবার রায় ঘোষণার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

