

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: গৌরীপুরে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক (৪৮) সহ তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালায় ময়মনসিংহের জেলা গোয়েন্দা (ডিবি)। অভিযানে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত ফজলুর রহমানের পুত্র হাবিবুর রহমান সেন্টু (৪৪) ও মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র জজ মিয়া (৪০)।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার (১২ মে) গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) সাজ্জাদ রোমন জানান, হাবিবুর রহমান সেন্টুর বিরুদ্ধে পূর্বে ১টি ও জজ মিয়ার বিরুদ্ধে আরও ৯টি মামলা রয়েছে।
এছাড়াও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পাটগুদাম নিউ কলোনী এলাকা থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ গোপাল সরকারের স্ত্রী গুলু রাণী সরকার (৪০), আকুয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ চুকাইতলার আতাউর রহমানের পুত্র হৃদয় মিয়া (২৮) ও আকুয়া উত্তরপাড়ার রফিকুল ইসলামের পুত্র রাব্বী মিয়া (২৪) কে গ্রেফতার করেছে।

