

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবু নাসের শামীম (৫০) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা এলাকার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বারা এলাকার বারাখওয়ানেতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীম ফোর্ডসবার্গ থেকে বাজার করে তার দোকানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। অস্ত্রধারীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত পাঁচ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
আবু নাসের শামীম দীর্ঘদিন ধরে জোহানেসবার্গের বারা এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর আগে তার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় দেশে ফেরার পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেননি। সর্বশেষ দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা শামীমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

