

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে টুঙ্গিপাড়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি।
কর্মসূচির উদ্বোধন করেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা প্রফেসর মো. সাইদ মাহমুদ। পরে দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন সংগঠনটির টিচার্স ইনচার্জ মাসুদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট অংগিরা ঠাকুর জিসা এবং নার্স সুমা অধিকারী।
কর্মসূচিতে টুঙ্গিপাড়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা মো. দেলোয়ার হোসেনসহ প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক সার্বিক সহযোগিতা করেন। এতে কলেজের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন এবং প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
টিচার্স ইনচার্জ মাসুদ মিয়া বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। দুর্ঘটনা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করতে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

