ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

ত্রিশালে জমি বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে আল-আমিন নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে একই পরিবারের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোক্ষপুর এলাকার সেনের চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) এবং জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আল-আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে বিচার কার্যক্রম শুরু হয়।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া, অন্য এক ভিকটিমকে হত্যাচেষ্টার দায়ে আসামি জসিম উদ্দিনকে অতিরিক্ত ৫ বছর কারাদণ্ড এবং দণ্ডবিধির ৩২৪ ধারায় আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩২৩ ধারায় আব্দুর রশিদ, রিয়াদ ও হুরেনাকে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram