

বাগেরহাট প্রতিনিধি: এক সময় বাংলার গ্রামাঞ্চলে শিক্ষার সূচনা হতো দোয়াতের কালি, বাঁশের কঞ্চির কলম আর তালপাতার মাধ্যমে। শিশুরা তালপাতায় অক্ষর এঁকে শিখত স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ। আধুনিক প্রযুক্তির এই যুগে সেই দৃশ্য এখন প্রায় বিলুপ্ত। তবে বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে এখনো টিকে আছে সেই ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতি। “শিশু শিক্ষা নিকেতন” নামের একটি পাঠশালায় গত ২২ বছর ধরে তালপাতায় অক্ষর চর্চার মাধ্যমে শিশুদের হাতে খড়ি দেওয়া হচ্ছে।
সরেজমিনে চিতলমারী উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটির এক কোণে সাধারণ টিনশেড ঘরেই চলছে পাঠশালার কার্যক্রম। ৮০ বছর বয়সী পণ্ডিত কালিপদ বিশ্বাস নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে পরিচালনা করছেন এ প্রতিষ্ঠানটি। ২০০৫ সালে স্থানীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই পাঠশালাটি আজও গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে। পাঠশালায় ঢুকতেই চোখে পড়ে ছোট ছোট শিশুদের সারিবদ্ধ বসা। কারও হাতে তালপাতা, কারও সামনে ছোট দোয়াতের পাত্র। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম কালি ডুবিয়ে তারা মনোযোগ দিয়ে লিখছে অ, আ, ক, খ। আধুনিক খাতা-কলম বা বইয়ের বদলে তালপাতায় অক্ষর লেখার এ দৃশ্য বর্তমান প্রজন্মের কাছে বিস্ময়কর মনে হলেও, এখানকার শিশুদের কাছে এটি নিত্যদিনের বাস্তবতা।
স্থানীয় বাসিন্দা সুকুমার মন্ডল বলেন, ডিজিটাল যুগে যখন শিশুরা স্মার্টফোন ও ট্যাবের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে, তখন আমাদের এই ছোট্ট গ্রামে তালপাতায় অক্ষর চর্চার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন এক প্রবীণ শিক্ষক। সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মাঝেও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার বীজ বপন করে চলেছে “শিশু শিক্ষা নিকেতন”। গ্রামীণ বাংলার এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু শিক্ষারই নয়, বরং সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

পণ্ডিত কালিপদ বিশ্বাস বলেন, আমাদের সময় এভাবেই লেখাপড়া শুরু হতো। তালপাতায় লেখার চর্চা করলে হাতের লেখা সুন্দর ও পরিষ্কার হয়। শিশুরা মনোযোগী হয় এবং অক্ষর সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। তিনি জানান, পাঠশালায় শিশুদের প্রথমে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শেখানো হয়। এরপর বানান, যুক্তাক্ষর, শতকিয়া, নামতা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রায় এক থেকে দুই বছর এখানে পড়াশোনা শেষে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির উপযোগী করে তোলা হয়।
বর্তমানে প্রায় ৫০ জন শিশু নিয়মিত এই পাঠশালায় পড়াশোনা করছে। আশপাশের অন্তত পাঁচটি গ্রাম থেকে শিক্ষার্থীরা এখানে আসে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পাঠদান। শিক্ষক নিজ হাতেধরে তালপাতায় অক্ষর লেখার কৌশল শেখান। শিশুদের প্রতি তার আন্তরিকতা ও স্নেহই অভিভাবক দের আস্থার মূল কারণ।
স্থানীয় অভিভাবক সিতা রানী বলেন, কালিপদ স্যার খুব যত্ন নিয়ে পড়ান। তিনি শুধু অক্ষর শেখান না, নৈতিক শিক্ষাও দেন। আমাদের সন্তানদের শৃঙ্খলা ও ভদ্রতা শেখান। তাই আমরা আনন্দের সঙ্গে সন্তানদের এখানে ভর্তি করি। তিনি জানান, প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মাসে মাত্র ১৫০ টাকা নেওয়া হয়। এই সামান্য অর্থ দিয়েই তালপাতা সংগ্রহ, দোয়াতের কালি তৈরি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কেনা হয়।
অন্য অভিভাবক টুম্পা মণ্ডল বলেন, পাঠশালায় বিদ্যুৎ নেই। গরমকালে শিশুরা খুব কষ্ট পায়। আবার দুপুরে নদীতে জোয়ার এলে পাঠশালার মাঠ পানিতে তলিয়ে যায়। তখন কাদা পানি মাড়িয়ে সন্তানদের নিয়ে বাড়ি ফিরতে হয়। তিনি জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে অনেক সময় পাঠদান ব্যাহত হয়। তাই দ্রুত অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয় বাসিন্দা ভজন মণ্ডল ও বাবু নিলয় ঢালি জানান, ২০০৫ সালে এলাকার শিক্ষা বান্ধব মানুষদের উদ্যোগে “শিশু শিক্ষা নিকেতন”প্রতিষ্ঠা করা হয়। শুরুতে কয়েকজন শিশু নিয়ে কার্যক্রম শুরু হলেও এখন তা অর্ধশতাধিক শিক্ষার্থীর কেন্দ্রে পরিণত হয়েছে। তারা বলেন, এটি শুধু একটি পাঠশালা নয়, আমাদের ঐতিহ্যের অংশ। আমরা স্থানীয়ভাবে যতটুকুপারি সহযোগিতা করি। তবে স্থায়ী উন্নয়নের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।
এছাড়া পাঠশালার পরিবেশ ও অত্যন্ত সাদামাটা। টিনশেড ঘর, মাটির মেঝে, সব মিলিয়ে একেবারে গ্রামীণ আবহ। তবুও শিশুদের উৎসাহে কোনো কমতি নেই। বরং তালপাতায় লেখার প্রতি তাদের আলাদা আগ্রহ লক্ষ্য করা যায়।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণ পাড়ার এই পাঠশালাটি আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার একটি জীবন্ত নিদর্শন। তালপাতায় শিক্ষা কার্যক্রম বর্তমান প্রজন্মকে আমাদের ইতিহাস ও সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি আরও জানান, পাঠশালাটির অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
