

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ।
সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো: আজিবুর রহমান আজিজ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. ইসরাফিল খবির রাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮ ভোট।
সহ-সভাপতি পদে ৭৬ ভোট পেয়ে অ্যাডভোকেট মো.শরিফুল ইসলাম টিটু এবং সহ-সাধারণ সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে অ্যাডভোকেট মো.ওয়াহিদুজ্জামান জুলু নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো.ইমরুল হাসান সনেট এবং আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য হিসেবে অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো.শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী ও মিস মিলিনা খানম (মিলি সিদ্দিক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সমিতি ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

