

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় বিএনপির জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির ৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যু্গ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা বিএনপির নেতারা বলছেন, দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করায় বিএনপির এসব নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেহেবুবুল হক কিশোর, চিতলমারী উপজেলা বিএনপির সবাপতি মমিমুন হক টুলু বিশ্বাস, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ মাহবুবুর রহমান টুটুল, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য রনি মিনা ও যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।
বিএনপি এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাগেরহাট-১ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী শেখ মাসুদ রানা ও বাগেরহাট-৪ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।
বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপির এসব নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

