ঢাকা
logo
প্রকাশিত : January 22, 2026

বাগেরহাট-১ : জয়ের চাবিকাঠি ১ লাখ তরুণ ভোটারের হাতে

​মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবার নির্ধারিত হতে যাচ্ছে এক লক্ষাধিক তরুণ ভোটারের সিদ্ধান্তে। প্রথাগত হিন্দু সংখ্যালঘু ভোটব্যাংক কিংবা পারিবারিক রাজনীতির পুরনো ছক ছাপিয়ে এবার জয়ের প্রধান নিয়ামক হয়ে উঠেছেন নতুন প্রজন্মের ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোট ভোটারের ২৭ শতাংশেরও বেশি তরুণ হওয়ায় এবার প্রার্থীরা কার গলায় জয়ের মালা পরাবেন, তা নির্ভর করছে মূলত এই বিশাল জনগোষ্ঠীর মর্জির ওপর।

​নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ আসনে মোট ৩ লাখ ৭৫ হাজার ৫৬০ জন ভোটারের মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৮০ জন। অর্থাৎ, মোট ভোটারের ২৭ দশমিক ৬৬ শতাংশই তরুণ। বিশাল এই নীরব ভোটব্যাংক যেদিকে ঝুঁকবে, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবীণ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি রবীন্দ্রনাথ হালদার বাটুল বলেন, বাংলাদেশে যখনই প্রধান পক্ষগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন অল্প কিছু ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়। সেক্ষেত্রে তরুণদের সংখ্যাগরিষ্ঠ অংশ যে প্রার্থীকে বেছে নেবে, তারই সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

​মাঠের রাজনীতির পাশাপাশি এবারের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে ডিজিটাল মাধ্যম। তরুণদের পালস বুঝতে প্রার্থীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যবহার করে আকর্ষণীয় ভিডিও ও কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছেন। ডিজিটাল প্রজন্মের এই মনস্তাত্ত্বিক লড়াই মাঠের প্রচারণাকেও ছাপিয়ে গেছে। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার আড্ডায় এখন আলোচনার কেন্দ্রে তরুণদের কর্মসংস্থান ও আগামীর ভাবনা।

​নির্বাচনী মাঠে বর্তমানে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি মনোনীত কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান (দাঁড়িপাল্লা), এবি পার্টির মো. আমিনুল ইসলাম (ইগল), বাংলাদেশ মুসলিম লীগের আ. সবুর শেখ (হাতপাঞ্জা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শেখ মাছুদ রানা (ফুটবল) ও এমএএইচ সেলিম (ঘোড়া)। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, মূল লড়াই হতে পারে বিএনপি, জামায়াত ও প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

​এদিকে তরুণদের প্রত্যাশা ও চাওয়ার ধরন আগের তুলনায় অনেক বেশি বাস্তবমুখী। তাদের কাছে দল বা প্রতীকের চেয়েও কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মতপ্রকাশের স্বাধীনতা বড় ইস্যু। ফকিরহাট সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী শিল্পি আক্তার স্পষ্ট করেই জানালেন, শিক্ষার মান ও আগামীর কর্মসংস্থানের নিশ্চয়তা যারা দিতে পারবে, তরুণদের ভোটটি সেখানেই পড়বে। এলাকার বন্ধ হওয়া জুট মিল ও কলকারখানাগুলো সচল করার দাবিও এখন তরুণদের নির্বাচনী ইশতেহারের শীর্ষে।

​প্রার্থীরাও এখন তরুণদের মন জয়ে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। জামায়াতে ইসলামী যেমন যুবদের আধুনিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতির প্রতিশ্রুতি দিচ্ছে, তেমনি বিএনপি তাদের ছাত্র ও যুব সংগঠনকে ভোটারদের দ্বারে দ্বারে পাঠাচ্ছে। আবার এবি পার্টির প্রার্থী প্রতি উপজেলায় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে নতুন এক ধারার রাজনীতির বার্তা দিচ্ছেন। সব মিলিয়ে, বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগবিহীন এবারের নির্বাচনে তরুণদের 'বিপ্লবী' সিদ্ধান্তই হবে আগামীর রাজনৈতিক ভাগ্যবিধাতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram