

বাগেরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি থেকে মোট ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক।
বাগেরহাট-২ (বাগেরহাটসদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজউদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) প্রার্থী মোঃ রহমাতুল্লাহ।
এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। সব মিলিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন।
