

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের নীলবাড়ীয়া বনাঞ্চলের খালে অবৈধভাবে কাকড়া আহরণের সময় বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে অর্ধশতাধিক কাকড়া ধরার চারু ও তিনটি ডিংগি নৌকা। আটক জেলেদের শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে সুন্দরবনে কাকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, তাঁর নেতৃত্বে বনরক্ষীরা শক্রবার সকালে নিয়মিত টহলের সময় দুবলা টহল ফাঁড়ির নীলবাড়ীয়া বনাঞ্চলের বালির খালে অবৈধভাবে কাকড়া ধরারত অবস্থায় দুই জেলেকে আটক করে। এ সময় অর্ধশতাধিক কাকড়া ধরার চারুসহ তিনটি ডিংগি নৌকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আটক জেলেরা হচ্ছেন, মোঃ জুলমাত খান (৪৫) ও হালিম খান (৫০)। এদের বাড়ী বাগেরহাটের রামপালের বড় কাটাখালী এলাকায়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা রেকর্ড করা হয়েছে এবং শুক্রবার দুপুরে মামলার আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

