

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ঘন কুয়াশা ও তীব্র শীতে স্থবির জনজীবন, কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। ঘন কুয়াশা ও তীব্র শীতের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরার স্বাভাবিক জনজীবন। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ার সঙ্গে কনকনে ঠান্ডা জনপদজুড়ে নেমে এসেছে চরমভাবে।
আজ বুধবার (৭ জানুয়ারি) সাতক্ষীরায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো জেলা। ফলে সকালবেলা সূর্যের আলো দেখা যাচ্ছে না, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভোর থেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন। অনেক স্থানে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না, যা বাড়িয়ে দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা।
এদিকে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, অসহায় ও খেটে খাওয়া মানুষ। দিনমজুর, ভ্যানচালক, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষগুলো কাজে বের হতে না পেরে পড়েছেন বিপাকে। শীতবস্ত্রের অভাবে অনেকেই খোলা আকাশের নিচে চরম কষ্টে রাত কাটাচ্ছেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা থাকায় শিশুসহ বয়স্কদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়েছে। হাসপাতালগুলোতে সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীত ও কুয়াশার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে জনজীবনে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
