

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় রাতের আঁধারে কৃষক বসির আহম্মেদের মুড়িকাটা পেঁয়াজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের ‘চিনের মাদে’ নামক মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাট্টা গ্রামের ‘চিনের মাদে’ মাঠে কৃষক বসির আহম্মেদের মালিকানাধীন ৪৪ শতক জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছিল। গত ৫ জানুয়ারি সোমবার গভীর রাতে কে বা কারা ওই পেঁয়াজ ক্ষেতের এক পাশ থেকে পেঁয়াজ গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। এবং পেঁয়াজ গাছ তুলে আশপাশের জমি ও ক্ষেতের মধ্যেও ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দেয়। এতে পাশে থাকা অন্য ক্ষেতের পেঁয়াজও অনেক জায়গায় নষ্ট হয়েছে।
কৃষক বসির আহম্মেদ জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে জমিতে এসে তিনি ক্ষতিগ্রস্ত অবস্থায় পেঁয়াজ ক্ষেত দেখতে পান। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর এক সপ্তাহ আগেও একই জমির অন্য পাশে একই কায়দায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছিল। বারবার এমন ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
