

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর খ ও ঘ ধারায় দুইটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ইসলামিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং সেবা ঔষধ ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। অভিযানে সহযোগিতা করেন গাজীপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক প্রশাসন কর্মকর্তা তানজিলা আফরিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
