

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় বনবিভাগের সরকারি স্থাপনায় ভাঙচুর এবং পর্যটকদের যাতায়াত বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার ঘটনায় সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
সেনা সূত্র জানায়, খাগড়াছড়ি ২০৩ পতাতিক ব্রিগেড এর বাঘাইহাট সেনা জোনের সাজেক মাসালং সেনা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ একুজ্জাছড়ি পাড়ার ১৪ মাইল এলাকায় ইউপিডিএফের একটি গ্রুপ বনবিভাগের সরকারি জমি অবৈধভাবে দখল করে আদালতের রায় উপেক্ষা করে কথিত একটি স্কুল নির্মাণের চেষ্টা চালায়। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এরপর কথিত স্কুলের নামে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে একটি দল মাসালং বাজার এলাকায় বনবিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে মোঃ আশরাফুল আলম নামে এক বনরক্ষী গুরুতর আহত হন।
পরবর্তীতে বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। এতে সাজেকে যাতায়াতকারী বহু পর্যটক আটকা পড়েন।
খবর পেয়ে মাচালং সেনা ক্যাম্প ও বাঘাইহাট জোন সদর থেকে সেনাবাহিনীর একাধিক টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা সদস্যরা সড়কে ফেলা গাছ ও প্রতিবন্ধকতা অপসারণ করে পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেন।

সেনা কর্মকর্তারা জানান, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে গুজব ও অপপ্রচার ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের অপচেষ্টাও চলছে বলে দাবি করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু নিজস্ব মাধ্যমে ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন যাতায়াত বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো অবৈধ সংগঠনকে আইনবহির্ভূত কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সেনাবাহিনী নিয়মিত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। জোন অধিনায়ক জানান, সেনাবাহিনীর উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সন্ত্রাস দমন অভিযানও অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, দুস্থদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকায় স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিঁড়ি নির্মাণ, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
