ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2026

বড়দিনে শাহরুখের ‘কিং’-এর মুখোমুখি নাগার্জুনা

দক্ষিণী তারকা নাগার্জুনার ৬৭তম জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক অপেক্ষা করছে। তার ক্যারিয়ারের ১০০তম সিনেমার নাম প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম ঝলক ও মুক্তির তারিখ। ‘কিং১০০’ নামের সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই দিনে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের ‘কিং’ সিনেমা। ফলে বড়দিনে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন দুই তারকা।

নাগার্জুনার ৬৭তম জন্মদিন উপলক্ষে তার শততম সিনেমার নাম, মুক্তির তারিখ ও প্রথম ঝলক প্রকাশ করেছে অন্নপূর্ণা স্টুডিওস। দেড় মিনিটের বেশি সময়ের এই ঝলকে নাগার্জুনকে দেখা গেছে স্টাইলিশ ও বড় পরিসরের চরিত্রে। একইসঙ্গে আভাস মিলেছে শূন্য থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার এক গল্পের।

টিজারের শুরুতেই অর্থ, ক্ষমতা ও পরিচয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন নাগার্জুনার চরিত্র। তার কথায় ইঙ্গিত পাওয়া যায়, একসময় যার কিছুই ছিল না, ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন ঘরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের একজন। তার এই বক্তব্যেই সিনেমাটির উচ্চাকাঙ্ক্ষা, সাফল্য এবং নিজের পরিচয় ধরে রাখার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়।

টিজারে নাগার্জুনার চরিত্রকে বলতে শোনা যায়, “এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। যাদের টাকা আছে এবং যাদের টাকা নেই। যখন আমার টাকা ছিল না, তখন তারা আমাকে পরাজিত বলত। যখন আমার টাকা হলো, তখন তারা আমাকে কিং বলল। কিন্তু, এই পরিচয় টাকার চেয়েও শক্তিশালী। এই পরিচয় ধরে রাখতে আমাকে ছুটে চলতে হবে।”

এরপর সিনেমার ঝলকে দেখা যায়, সামান্য অবস্থা থেকে নাগার্জুনের চরিত্র ধীরে ধীরে একজন ক্ষমতাবান ব্যবসায়ী হয়ে উঠছেন। একসময় তিনি অর্জন করেন ‘কিং’ পরিচয়। তবে, সিনেমার মূল গল্প এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। বরং চরিত্র ও তার জগতের প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়েই থেমেছে টিজারটি।

টিজারের শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় সিনেমার নাম ‘কিং১০০’। এরপর পর্দায় ভেসে ওঠে, ‘লং লিভ দ্য কিং’। ফলে নাগার্জুনের জন্মদিনে তার ভক্তদের জন্য এটি যেমন বিশেষ উপহার হয়ে উঠেছে, তেমনি তার ক্যারিয়ারের শততম সিনেমারও প্রথম পরিচয় মিলেছে।

‘কিং১০০’ আরো একটি কারণে বিশেষ। দীর্ঘ ২৮ বছর পর এই সিনেমায় আবারো পর্দায় একসঙ্গে দেখা যাবে নাগার্জুন ও টাবুকে। ১৯৯৬ সালের তেলুগু সিনেমা ‘নিন্নে পেল্লাদাথা’ দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর ১৯৯৮ সালে ‘আবিদা মা আবিদা’ এবং ১৯৯৯ সালে ‘সিসিন্দ্রি’ সিনেমায়ও একসঙ্গে দেখা গেছে তাদের।

আরএ কার্তিকের লেখা ও পরিচালনায় নির্মিত হচ্ছে ‘কিং১০০’। সিনেমাটি প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাজা মহাদেবন, প্রোডাকশন ডিজাইনার সতীশ কুমার এন এবং সম্পাদনায় রয়েছেন নবীন নূলি।

ডিসেম্বরে নাগার্জুনের ‘কিং১০০’-এর সঙ্গে একই সময়ে মুক্তি পাবে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। ফলে বড়দিনের ছুটিতে বক্স অফিসে দুই জনপ্রিয় তারকার সিনেমার মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় এখন দর্শক।

*ইন্ডিয়া টুডে অবলম্বনে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram