

জিম্বাবুয়েতে একটি মিনিবাস ট্যাক্সি ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহতরা সবাই একটি গির্জার সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি শনিবার জানান, সাদা পোশাক পরিধানের জন্য পরিচিত একটি স্থানীয় খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। পথে চিভু শহরের কাছে—যা রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে—একটি প্রধান মহাসড়কে তাদের বহনকারী মিনিবাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ট্রাকটি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ জানায়, প্রাদেশিক এক মন্ত্রীর বরাতে ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও কয়েকজন মারা যান।
সূত্র: এপি
