

গাজীপুরের টঙ্গীতে দুই বিকাশকর্মীকে গুলি ও ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এজেন্টদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা (১৪ লাখ ৭৭ হাজার) সংগ্রহ করে মোটরসাইকেলে টঙ্গী বাজার সেনা কল্যাণ অফিসে ফিরছিলেন বিকাশ কর্মী আরিফ ও আজাদ। আনারকলি রোডে ডা. নাজিম উদ্দীন মার্কেটের পাশের গলিতে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা বিকাশকর্মী আরিফকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তার সহকর্মী আজাদ বাধা দিতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক গুলিবিদ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত আজদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
