ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (২৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নয়ন আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

এর আগে সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় নামক স্থানে নয়নকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত নয়ন বিএনপি কর্মী বলে জানিয়েছেন তার স্বজন ও স্থানীয়রা। এদিকে, হামলার পর নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইসারুল ইসলাম তুষার জানান, হাসপাতালে নেয়ার সময় দেখা যায়, নয়ন আলীর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। দুই হাত ও পায়ে গুরুতর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram