ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2026

হাতীবান্ধায় পুলিশি অভিযানের আড়ালে ১০ লাখ টাকার রফা, চার পুলিশ সদস্য ক্লোজড

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষায় যাদের ওপর আস্থা রাখার কথা, তাদের বিরুদ্ধেই এবার উঠেছে কোটি টাকার মাদক চালান গায়েব করে দেওয়ার অভিযোগ। লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মাদকবিরোধী অভিযানের নাটক সাজিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়েছে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ মাদকের চালান।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

ক্লোজডরা হলেন, ওই থানার এসআই তুহিন ও রিমন মিয়া এবং এএসআই আব্দুল হাকিম ও লুৎফর রহমান।

​অনুসন্ধানে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন খবরের ভিত্তিতে হাতীবান্ধার বোর্ডের হাট বাজারের পূর্বপাশে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন ও রিমন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম ও লুৎফর রহমান।

​অভিযানে একটি সাদা প্রাইভেটকার, মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে অদ্ভুতভাবে আলামতগুলো থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে রাখা হয়।

​বিকাল ৩টা থেকে শুরু হয় দীর্ঘ দরকষাকষি। ইউপি কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সাদা পোশাকে অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তাকে স্থানীয় ইউপি সদস্য ও সহযোগীদের নিয়ে গোপন বৈঠকে দেখা যায়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাতভর আলোচনা শেষে ১০ লাখ টাকার রফাদফায় গাড়ি ও মাদকের চালান ছেড়ে দেওয়া হয়।

​ভিডিও ফুটেজ প্রকাশের ভয়ে এএসআই আব্দুল হাকিম এক স্থানীয় ইউপি কর্মচারীর মোবাইল ফোন থেকে সিসিটিভি মনিটরিং অ্যাপ জোরপূর্বক মুছে দেন বলে অভিযোগ উঠেছে।

​এর পরদিনই (১৮ জুলাই) ভবানীপুর গ্রামে একই কায়দায় ভিত্তিহীন অভিযানে গেলে গ্রামবাসীর তীব্র প্রতিবাদের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশ দল। স্থানীয়দের দাবি, এই চার কর্মকর্তা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।

​অভিযোগের ব্যাপারে সরাসরি যোগাযোগ করা হলে অভিযুক্ত এসআই তুহিন ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং প্রতিবেদন না করার আকুতি জানান।

​এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত চার কর্মকর্তা এসআই তুহিন, এসআই রিমন, এএসআই আব্দুল হাকিম ও এএসআই লুৎফর রহমানকে বৃহস্পতিবার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, অভিযোগটি বৃহস্পতিবার তার নজরে এসেছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram