

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক্টর থেকে নামতে গিয়ে শামীম মিয়া (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে দুর্ঘটনার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। নিহত শামীম মিয়া পশ্চিম বালিয়াকান্দির মধ্যপাড়ার মৃত শাহাজাহান মিয়ার ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যুর তদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম মিয়া দীর্ঘদিন ধরে টিএমবি ব্রিকস ইট ভাটায় ট্রাক্টর চালক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার দুপুরে খাবারের জন্য ট্রাক্টর নিয়ে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছে নামতে গেলে তাঁর গলায় থাকা শীতের কাপড় ট্রাক্টরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অটোবাইকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা উদ্বেগজনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
স্থানীয়দের মতে, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা হলেও নিরাপত্তাবিষয়ক সচেতনতার অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
