ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

পাঁচ খুনি শনাক্ত, মামলা হয়নি, গ্রেপ্তার নেই

খুলনায় মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে দুজনকে গুলি ও চাপাতি দিয়ে হত্যা করার ঘটনায় পুলিশ ৫ জনকে শনাক্ত করেছে। তবে ঘটনার এক দিন পরও কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহতদের পরিবার এখনও মামলা দায়ের করেনি।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, আদালত চত্বর ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যার সঙ্গে জড়িত ৫ জনকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছি। খুব শিগগিরই ভালো খবর দিতে পারব।’

ওসি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে, তবে তারা বিভিন্ন আশঙ্কার কারণে মামলা করতে রাজি হচ্ছে না। তাই পুলিশ নিজেই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকারীরা শহরের বাসিন্দা নন; রূপসা উপজেলায় তাদের স্থায়ী ঠিকানা। শহরে তারা ভাড়া বাড়িতে থাকলেও পরিবারের কেউ সেখানে অবস্থান করে না। মোবাইল ব্যবহার না করে তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করছে, যেগুলোর অ্যাকসেস আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। এ জন্য তাদের গ্রেপ্তারে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

নিহত ফজলে রাব্বী রাজনের বাবা এজাজ শেখ বলেন, ‘আমার একমাত্র ছেলে রাজন। সে সঙ্গ দোষে জড়িয়েছিল, কিন্তু তাই বলে তাকে হত্যা করতে হবে? আমি মামলা করতে চাই না। যারা খুন করেছে পুলিশই জানে, তাদের গ্রেপ্তার করুক।’

পুলিশের একটি সূত্র জানায়, মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর বেশির ভাগ সদস্য বর্তমানে কারাগারে। রাজন ও হাসিব হাওলাদার ছিলেন সেই বাহিনীর সদস্য। প্রতিপক্ষ গ্রুপ গ্রেনেড বাবুর সদস্যরা তাদের অস্তিত্বকে নিজের জীবনের জন্য হুমকি মনে করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। সূত্র জানায়, রাজন ও হাসিব আদালতে অস্ত্রবিহীন হাজিরে দিতে আসবে জেনেই ওই দিনটিকেই বেছে নেয় প্রতিপক্ষ গ্রুপ। কিলার গ্রুপের সদস্যরা রূপসা নদী পার হয়ে এসেছিল বলে নিশ্চিত করে পুলিশ সূত্র।

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, কিলিং মিশনে ৬ জন সরাসরি অংশ নেয়, যারা ধারালো অস্ত্র ও পিস্তল ব্যবহার করেছে। এ ছাড়া ৫-৭ জনের একটি গোয়েন্দা দল তাদের সহায়তা করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ত. ম. রোকনুজ্জামান বলেন, ‘এই জোড়া হত্যার পেছনে সরাসরি হাত রয়েছে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর। রাজন ও হাসিব মূলত শহরের সন্ত্রাসী পলাশ গ্রুপের সহযোগী ছিল।’

উল্লেখ্য, গত রবিবার দুপুরে আদালতে হাজিরা দিতে আসা ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। এদিকে একই দিনে রাত ৯টার দিকে খুলনার

জিন্নাহপাড়া এলাকায় আবারও এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আহত যুবক সম্রাট কাজী। তিনি শিপইয়ার্ডের অফিস সহকারী। গুলি তার বাম হাতে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুুম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram