ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতিমুক্ত করবে: এটিএম আজহারুল ইসলাম

চৌগাছা (যশোর) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতিমুক্ত করবে।’

তিনি বলেন, ‘তিন-পাঁচ বছরের মধ্যে বেকারত্ব দূর করব, এ দেশটা গরিব দেশ না, সম্পদশালী দেশ। আমাদের দেশে চরিত্রবান নেতাদের অভাব। সে কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।’

আজ রোববার (৩০ নভেম্বর) বিকেলে যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের আয়োজনে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

আজহারুল ইসলাম বলেন, ‘আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম। একটি না তিনটি ফাঁসি। মহান আল্লাহর একান্ত রহমতে চব্বিশের আন্দোলনে যেটাকে অনেকে বলেন- ২য় স্বাধীনতা, সেই আন্দোলনের পরে আমি মুক্ত হয়েছি।’

তিনি আরো বলেন, ‘অনেকেই বলেন জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না তার প্রমাণ কী? আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন, সেখানে সবাই খুঁজে কোনো দুর্নীতির প্রমাণ করতে পারে নাই। আমরা ক্ষমতায় গেলে তিন-পাঁচ বছরের মধ্যে বেকারত্ব দূর করব। দেশে বছরে ৫০ হাজার কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। যাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে।’

আজহারুল ইসলাম আরো বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাব। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। নিরাপদে সনাতনী ভাইয়েরা তাদের পূজা সম্পন্ন করেছেন।’

তিনি বলেন, ‘অনেক নেতা বিদেশে আছেন। তারা দেশে আসার সাহস পাচ্ছেন না। কারণ, তারা ভয় পাচ্ছেন, কিন্তু আমাদের এই ভাই (যশোর-২ আসনের প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদ) অবিশ্বাস্য হলেও সত্য- ৩০ বছর ধরে এত সুন্দর জীবন-যাপন করছিলেন। তার আরো উপার্জন করার সুযোগ ছিল। আন্তর্জাতিকভাবে উঁচু যায়গায় যাওয়ার সুযোগ ছিল। কিন্তু জামায়াত আমিরের কথা শুনে, আনুগত্য করে দুনিয়ার সমস্ত সুখ-শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা কি তার পাশে দাড়াতে পারেন না?’

তিনি আরো বলেন, ‘সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কারো ওপর হামলা করব না।’

চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত মনো নীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মেডিক্যাল কলেজ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত দেশ গড়বে। এছাড়া নারীদের পাঁচ ঘণ্টা কাজ করে আট ঘণ্টার বেতন দেবে। সরকার ভর্তুকি দেবে।’

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও মাওলানা গিয়াস উদ্দীনের যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় মোবারক হুসাইন বলেন, ‘ইসলামই পারে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে।’ ড. শফিুল ইসলাম মাসুদ বলেন, ‘যে দলের কর্মীরা নামাজ চলমান অবস্থায় নিজ দলের কর্মীকে হত্যা করে। তাদের তো রাজনীতিই করার যোগ্যতা নেই। স্বাধীনতার পর ৫৪ বছর পার হয়েছে। ৫৪ বছরে দলের পর দল, প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত। এবার আওয়াজ তুলতে হবে জমিন যার, আইন তার। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব দেখেছি বারবার, এইবার ইসলাম।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা: ইমদাদুল হক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর জেলা আমির ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদ-৪ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালেব, শার্শা উপজেলা আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, চৌগাছা কামিল মাদরাসা মসজিদের খতিব মাওলানা আলী আকবার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, চৌগাছা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, চৌগাছা আদর্শ সাথী শাখা ছাত্র শিবিরের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram