

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে গ্রীন কোয়ালিশন, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা–সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের যৌথ উদ্যোগে পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জীবিকার সংকট, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং মিঠাপানির দীর্ঘমেয়াদি ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের উন্নয়নে কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকায় উপকূল রক্ষা, পরিকল্পিত উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য একটি উপকূল উন্নয়ন বোর্ড গঠন এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন, আন্তর্জাতিক জলবায়ু তহবিল বৃদ্ধি, সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় লবণাক্ততা প্রতিরোধ, মিঠাপানির সংরক্ষণ, টেকসই কৃষি সহায়তা, জেলেদের নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে স্থানীয় জ্ঞানভিত্তিক টেকসই জলবায়ু পরিকল্পনা তৈরির আহ্বান জানান তারা।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন—মোজাম্মেল হোসেন, কল্যাণ ব্যানার্জি, আলী নূর খান বাবুল, মাধব চন্দ্র দত্ত, বিপ্লব হোসেন, আব্দুর রহমান নীরব প্রমুখ।
