

কেরানীগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় তৈরি রিভলভারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. রাব্বী সরদার। তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা কমিটির সহ-সম্পাদক।
আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে দুই যুবক অটোরিকশা থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে রাব্বীকে দেশীয় রিভলভারসহ আটক করে। রাব্বী সরদার দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলো এবং শেখ হাসিনার পক্ষে মিছিল ও পোস্টার লাগানোর নেতৃত্ব দিত। তার মোবাইল ফোনে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী অস্ত্রটি অবৈধভাবে সংগ্রহের কথা স্বীকার করেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
