

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ ইমন মোল্যা (১৬) নিহত হয়েছে। সে এ বছর দাখিল পাশ করেছে। ইমন মোল্যা নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার কৃষক উসমান মোল্যার ছেলে। সে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দলোন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক ছিল।
এলাকার লোকজন জানান, ইমন মোল্যার মোটরসাইকেল চালানোর বাতিক ছিল। ওই বাতিকের জন্য তার মৃত্যু হলো। গরীব মানুষের ছেলে, অথচ তার মোটরসাইকেল বাতিক ছিল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াইলের লোহাগড়া লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে যশোর থেকে নিজ বাড়ি লাহুড়িয়া ডহরপাড়ার দিকে আসছিলেন ইমন মোল্যা। পথিমধ্যে নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় পৌছালে ইমনের বেপরোয়া মোটরসাইকেলের সাথে একটি বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ইমনের মাথায় আঘাত লেগে মাথা থেকে ঘিলু বের হয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। খুলনা নেয়ার পথে ইমনের মৃত্যু হয়।
