

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে আ. সালাম নামে এক লোকের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল আ. সালামের বাড়ীর ভাড়াটিয়া মো. নজরুল ইসলামসহ তার পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা, ৮ থেকে ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি ১৪ প্রোম্যাক্স মোবাইল ফোন, ৩টি স্মার্ট ফোন, একটি বাটন ফোনসহ বিভিন্ন প্রকার মালামাল লুটে নেয়। আড়াইহাজার থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই রাতে ৮/১০ জনের একদল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত আ. সালামের বাড়ীর ভাড়াটিয়া মো. নজরুল ইসলামের ঘরের দরজা সিমেন্টের খুঁটি দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা নজরুল ইসলামসহ পরিবারের সব সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে উল্লিখিত মালামাল লুটে নিয়ে চলে যায়। ভিকটিম নজরুল ইসলাম পটুয়াখালির বাউফল উপজেলার বাউফল এলাকার মৃত দলিলউদ্দিনের পুত্র। তিনি স্বপরিবারে ওই গ্রামের আ. সালামের বাড়ীতে ভাড়া থাকেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
