

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: গত ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর ভন্ড ও ইমাম মেহেদী দাবিদার নুরাল পাগলের আস্তানায় তৌহিদি জনতার হামলা, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচিত সমালোচিত গোয়ালন্দের সেই ইউএনও নাহিদুর রহমানকে গত ১৪ সেপ্টেম্বর-২০২৫ তারিখে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক পদে নিয়োগ দেওয়া হলেও, তিনি এখনো গোয়ালন্দেই ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঐ প্রজ্ঞাপনে আরও নির্দেশনা দেওয়া হয়, গোয়ালন্দের ইউএনও নাহিদুর রহমান ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণ থেকে তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) গণ্য করা হবে।
কিন্তু নির্ধারিত সময় অতিক্রম করে ৪ দিন অতিবাহিত হলেও, এখনো বহাল তবিয়তেই দায়িত্ব পালন করছেন গোয়ালন্দ উপজেলার ইউএনও নাহিদুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির আদেশ পাওয়ার পরও তিনি কিভাবে স্বকর্মস্থলে বহাল থাকেন, এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে। তবে তার ক্ষমতার উৎস কোথায়! জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করার।
সরকারি চাকরিবিধি অনুযায়ী বদলির আদেশ জারি হওয়ার পর নির্ধারিত সময়ে যোগদান না করলে কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে আগের পদ থেকে অবমুক্ত হওয়ার নিয়ম রয়েছে। তবে নাহিদুর রহমান কী কারণে এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি?
এ বিষয়ে গোয়ালন্দের ইউএনও মোঃ নাহিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে এ প্রসঙ্গে কথা বলেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, গোয়ালন্দ উপজেলায় কোন নির্বাহী কর্মকর্তা না থাকায় মৌখিকভাবে ইউএনও নাহিদুর রহমানকে স্বকর্মস্থলে বহাল রাখা হয়েছে। গোয়ালন্দে নতুন কর্মকর্তা আসলে তিনি তার কর্মস্থলে ফিরে যাবেন। তবে প্রশ্ন করা হয়েছে, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোন প্রজ্ঞাপন আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মৌখিকভাবে ইউএনও মোঃ নাহিদুর রহমানকে গোয়ালন্দে বহাল রাখা হয়েছে।
