

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: ঝাড়ু হাতে কয়েকজন তরুণ। কারও আবার কাঁধে বস্তা, কারও হাতে দা বা কোদাল। কেউ ময়লা কুড়োচ্ছে, কেউ আবার বস্তায় ভরছে। হাসি-আড্ডার মধ্যেই চলছে পরিচ্ছন্নতার কাজ। দেখে মনে হয় যেন পরিচ্ছন্নতার উৎসব চলছে। এরা সবাই স্থানীয় বালিয়াটি স্পোটিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন-এর সদস্য। তারা ৯০ জন, পাঁচ ভাগে ভাগ হয়ে তারা পরিচ্ছন্নতার কাজ করছে। উদ্দেশ্য একটাই ঐতিহাসিক বালিয়াটি জমিদারবাড়ি ও এর চারপাশ পরিচ্ছন্ন রাখা। নাম দিয়েছে এই কর্মসূচির ‘ক্লিন বালিয়াটি’।
বাংলাদেশের অন্যতম বৃহৎ জমিদারবাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদারবাড়ি। প্রতিদিন শত শত দেশি-বিদেশি পর্যটক এখানে ভিড় জমান। জমিদারবাড়ির অনন্য স্থাপত্য সবাইকে মুগ্ধ করে। তবে চারপাশে জমে থাকা আবর্জনা তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াত। সেই ভাবনা থেকেই তরুণরা উদ্যোগ নিয়েছেন পরিচ্ছন্নতার।
শুক্রবার সকালে দেখা গেল, কেউ রাস্তার পাশ থেকে সিগারেটের ফিল্টার তুলছে, কেউ বাজারের পাশে ফেলে দেওয়া প্লাস্টিক কুড়াচ্ছে। সেগুলো এক জায়গায় জমিয়ে বস্তায় ভরা হচ্ছে। ৩০০ গজ দূরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে একই দৃশ্য যুবকদের স্বেচ্ছাশ্রম।
ক্লাবের সদস্যরা জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত দেশের সর্ববৃহৎ জমিদারবাড়ি প্রতিদিন শত শত দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর থাকে। কিন্তু চারপাশে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা সৌন্দর্য নষ্ট করছে। তাই পর্যটকদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তারা ‘ক্লিন বালিয়াটি’ উদ্যোগ নিয়েছেন। সপ্তাহে একদিন নিয়মিতভাবে জমিদারবাড়ি ও উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার রাখার পরিকল্পনাও করেছেন তারা।
বালিয়াটি স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সোহেল রানা বলেন, জমিদারবাড়ির সৌন্দর্য ধরে রাখতে পরিচ্ছন্ন পরিবেশ জরুরি। পর্যটকদের কথা চিন্তা করে আমরা ক্লাবের পক্ষ থেকে সপ্তাহে একদিন বালিয়াটি জমিদার বাড়ি ও এর চারপাশ পরিস্কার পরিছন্নতার অভিযান করবো। আমরা চাই এখানে আসা পর্যটকরা যেন ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে যান। পরিচ্ছন্নতা বজায় থাকলে পর্যটন আরও বাড়বে এবং স্থানীয় পরিবেশও ভালো থাকবে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। পরিচ্ছন্ন পরিবেশ থাকলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবেন। এতে বালিয়াটি শুধু ঐতিহাসিক স্থাপনা হিসেবেই নয়, পরিচ্ছন্ন পর্যটন এলাকা হিসেবেও পরিচিতি পাবে।
