

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় মুর্শিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে আহত করে মাদকসেবীরা। ঘটনাটি ঘটে ৫ নভেম্বর বুধবার রাত আনুমানিক সাতটায় উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের পাকা ব্রিজের পশ্চিম প্রান্তে।
আহত মুর্শিদ মিয়া উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের মৃত নাদিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি কুলিয়ারচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের ভাই আসাদ মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্তরা হলো,পশ্চিম তারাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে বাসির মিয়া (৩০), হারিছ মিয়ার ছেলে মোঃ ওয়াসিম (২৫), মৃত খুর্শিদ মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩০), মৃত কুদ্দুছ মিয়ার ছেলে আরমান মিয়া (২৫), কেনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০) ও মৃত মজিবুর রহমানের ছেলে টুটুল মিয়া (১৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে। এ বিষয়ে মুর্শিদ মিয়া তাদের বাঁধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার সন্ধ্যায় পাকা ব্রিজের কাছে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মুর্শিদ মিয়ার পথরোধ করে। একপর্যায়ে তারা মারধোর ও ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। এ সময় তার সাথে থাকা নগদ ১৫ হাজার টাকা ও একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মুর্শিদ মিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, যেটুকু কেটেছে সেটুকুতে আটটি সেলাই করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
