

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতেই মূলত এই দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন মাসব্যাপী এই অভিযানের আওতায় দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতেও নেওয়া হবে নানা পদক্ষেপ। বিশেষ করে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে প্রচারণায় জোর দেওয়া হবে।
দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি এই অভিযানকে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, টানা তিন মাসের এই কর্মসূচির ফলে মশার উপদ্রব কমার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝেও কাঙ্ক্ষিত সচেতনতা তৈরি হবে।
