

জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে সব কারণে রাজনীতিতে ফিরে এসেছে, তার একটি তালিকা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৯ মে) তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই তালিকা দেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।
তিনি লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন '২৪ কে '৭১ এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে।
তিনি আরও লেখেন, আইনের শাসনের বদলে মবের শাসন, উগ্রবাদীদের মাজারে হামলা, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দেওয়া এবং হিন্দুদের উপড় নিপীড়ন এসব কারণে লীগ ব্যাক করেছে।
এছাড়া সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে সেক্যুলার মানুষদের ভয় পাওয়া, উগ্রবাদীদের সেইফ স্পেস দিয়ে মব স্টারদের হিরো বানানো এবং ছাত্ররাজনীতির বিপ্লবী ধারা থেকে মব সংস্কৃতিতে রূপান্তর হওয়াকেও তিনি লীগ ফিরে আসার কারণ হিসেবে উল্লেখ করেন।
মাহফুজ আলম আরও লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। ওই কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই বিএনপি-জামাত বা লীগের ‘ছুপা দালাল’ ছিল দাবি করে তিনি বলেন, এদের কাছে জুলাই বিপ্লব মানে ছিল কেবল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা।
এছাড়া যেদিন নির্বাচনি বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে বিএনপি-জামাতের বার্গেইনিং টুলে পরিণত করা হয়েছে এবং বিভিন্ন কমিশন, ট্রাইবুনাল ও বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট আদর্শের লোকদের ক্ষমতারোহণের সুযোগ করে দেওয়া হয়েছে সেগুলোকে লীগ ফিরে আসার কারণ হিসেবে লেখেন মাহফুজ আলম।

