ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৬
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

স্থানীয় নির্বাচনে আসছে বড় পরিবর্তন, উঠতে পারে স্বতন্ত্র প্রার্থীর শর্ত

নির্দলীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে সরকারের নানা পদক্ষেপের মধ্যে আইন ও বিধিমালা সংশোধনের কাজ হাতে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

স্বতন্ত্র প্রার্থীর ন্যূনতম সমর্থন থাকার শর্ত তুলে দেওয়া, অনলাইনে মনোনয়ন জমা বন্ধ করা এবং পোস্টার তুলে দেওয়ার মতো সংস্কার আসার আভাস দিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

জাতীয় সংসদের গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও), নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় সরকারের আইন-বিধানবলী সংস্কার করা হবে।

গেল ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও চলতি মাসে সংরক্ষিত নারী আসনের ভোট শেষ হয়েছে। এখন ইসির সামনে একগুচ্ছ স্থানীয় নির্বাচন, যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। যেখানে সিটি ও জেলা পরিষদে বিএনপি নেতারা আছেন প্রশাসক হিসেবে; বছর শেষে ভোটের প্রস্তুতি বিএনপি নেতৃত্বাধীন সরকারের। নির্দলীয় এ ভোটে এনসিপি ও জামায়াত রয়েছে প্রার্থী ঘোষণার পর্যায়ে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবশেষ সিটি করপোরেশন নির্বাচন হয় ২০২৪ সালের মার্চে। ২০২১ সালের শুরুতে ধাপে ধাপে পৌরসভা, ২০২১ সালের এপ্রিলে শুরু হয়ে ধাপে ধাপে ইউপি, ২০২২ সালের অক্টোবরে একদিনে জেলা পরিষদ এবং ২০২৪ সালে ধাপে ধাপে উপজেলা পরিষদের ভোট হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তী সরকার স্থানীয় নির্বাচন করেনি। এসময় দলীয় প্রতীকের ভোটের ব্যবস্থা বন্ধ করতে অধ্যাদেশ করা হয়। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে নেই স্থানীয় সরকারের কোনো নির্বাচন।

এমন পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার এ বছরের শেষ দিকে বিভিন্ন পর্যায়ের নির্বাচন করার আভাস দিয়েছে। নির্দলীয় ভোট হলেও প্রার্থীদের প্রতি দলগুলোর সমর্থন থাকে। ইতোমধ্যে কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করছে।

সরকারের তরফে আনুষ্ঠানিক অনুরোধ পেয়ে মেয়াদোত্তীর্ণ বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নির্বাচন করার পরিকল্পনাও করছে নির্বাচন কমিশন। এরইমধ্যে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহের পাশাপাশি আইন, বিধি সংস্কারের কাজ গুছিয়ে নিচ্ছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।নির্বাচন কমিশন গঠনের ধাপগুলো কী কী? - BBC News বাংলা

কী সংস্কার থাকছে

সম্ভাব্য সংস্কারের বিষয়ে জানতে চাইলে রোববার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “কয়েক দিন পর কিছু হালনাগাদ তথ্য জানানো যাবে। সিটি নির্বাচন নাকি পৌর নির্বাচন, কোনটি আগে হবে, তা নিয়ে এখনও আমাদের কাছে স্পষ্ট বার্তা নেই। আমাদেরও কোনো সিদ্ধান্ত হয়নি।”

কী কী সংস্কার আসতে পারে, সে বিষয়ে সার্বিক প্রস্তাব কমিশনে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

আলোচনায় থাকা বিষয়গুলো নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, “হয়ত অনলাইনে মনোনয়ন জমার সুযোগ থাকবে না। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হতে ন্যূনতম (১%) সমর্থনের নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার চিন্তা রয়েছে।”

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় ভোটে ইভিএম থাকবে না। অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকার আইন সংশোধন করেছে, দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকারের নির্বাচনে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট চালুর পাশাপাশি ব্যয় ও জামানতের টাকা বাড়ানো হয়। ফেরারি আসামিদের প্রার্থী হতে অযোগ্য করা হয়। অনিয়ম রোধে ক্ষমতা বাড়ানো হয় ভোটগ্রহণ কর্মকর্তাদের।

অবহেলায় শাস্তিও বাড়ানো হয়; যুক্ত করা হয়েছে কিছু নির্বাচনি প্রতীক। ভোটের প্রচারে পোস্টার নিষিদ্ধের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধের বিষয়ও যুক্ত হয় বিধিতে।

সিটি, পৌর, উপজেলা, ইউপি ও জেলা পরিষদের বিধিগুলো নিয়ে প্রাসঙ্গিক কিছু কাজও গুছিয়ে রাখছেন ইসি কর্মকর্তারা।

নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, নির্দলীয় ভোট হওয়ায় কিছু বাধ্যবাধকতা বাদ পড়ে যাবে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে। এখন পর্যন্ত বেশ কিছু বিষয় বিবেচনোয় রয়েছে, সবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে ইসি।

জামানত ও নির্বাচনি ব্যয় বাড়ানো, পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ডে প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ নানা বিষয় পর্যালোচনায় থাকছে।

সিটি, উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের আচরণবিধিগুলো আলাদা হলেও সমন্বয় রেখে খসড়া করা হচ্ছে।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার ডিসি সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার ডিসি সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একীভূত তথ্য ১৫ মের মধ্যে

এখনও স্থানীয় নির্বাচন কবে করা হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কোনো আলোচনা না হলেও চলতি সপ্তাহে ইসি সচিবালয় মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে ইসিতে উপস্থাপন করা হতে পারে।

দেশের ১৩টি সিটি করপোরেশন রয়েছে, সবশেষ এ সরকারের আমলে বগুড়া সিটি করপোরেশন যুক্ত হলো।

৫০০ উপজেলা পরিষদ রয়েছে, সবশেষ বৃহস্পতিবার যুক্ত হয় পাঁচ উপজেলা।

তিন পার্বত্য জেলার বাইরে ৬১টি জেলা পরিষদ।

চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠানই এখনই নির্বাচন উপযোগী; যেখানে নির্বাচন আয়োজনে আইনগত কোনো জটিলতাও নেই।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনের যথাসময়ে তফসিল ঘোষণার সুবিধার্থে নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকারের সর্বশেষ নির্বাচনের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণের তারিখ ও প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলাসহ নানা বিষয়ে তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ করা হচ্ছে। মাঠ কর্মকর্তাদের ১৫ মের মধ্যে সার্বিক তথ্য দিতে বলা হয়েছে।

এদিকে আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করার কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমীর।

ডিসি সম্মেলনে অংশ নিয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি বলেন, “আমরা আগেও বলেছি, এখনো আমরা বলছি—আমরা চাই, চেষ্টা করব এক বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য।”

চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, "লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে। কাজ চলছে।”

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো কবে নাগাদ শেষ হবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা জানান, নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে।

“কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram