

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরে বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ মধ্যবিত্ত। তারা খাদ্যের পাশাপাশি অন্যান্য বহু ধরনের জিনিসপত্রের ক্রেতা। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এই জনগোষ্ঠীকে টার্গেট করে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এখন বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যার সুবিধা বিরাজ করছে।
বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং(বিসিআইসি)-এর উদ্যোগে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি জানান, বিনিয়োগকারীরা যাতে জটিলতায় না পড়েন, সে বিষয়ে সরকার অত্যন্ত তৎপর। গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ আছে। বাংলাদেশ সংলগ্ন ব্লকে মিয়ানমার বিপুল পরিমাণ গ্যাস পেয়েছে। বাংলাদেশের ব্লকগুলোতে তেল-গ্যাস পাওয়া যাবে, এটা ধরেই নেওয়া যায়।
স্থানীয় সময় মঙ্গলবার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর, অর্থ সচিব, ইআরডি সচিব, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ বিশ্বব্যাংক-আইএমএফে যোগদানকারী বাংলাদেশ প্রতিনিধিদল।
আন্তর্জাতিক ঋণদান যাচাইকারী প্রতিষ্ঠান মুডি’সের প্রতিনিধির উপস্থিতিতে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশের যে দৃশ্যমান অর্থনৈতিক ভিত্তি, নীতি-পলিসি মুডি’সের প্রতিবেদনে তার প্রতিফলন থাকে না। রেটিং করার ক্ষেত্রে মুডি’সের আরও সতর্ক ও তথ্য যাচাই বাছাই করা উচিত।’
মুডি’স প্রতিনিধি বলেন, ‘প্রাপ্ত ডাটার ওপর নির্ভর করে রেটিং নির্ধারণ করা হয়। আগামীতে মুডি’স ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা দরকার। মেটা, গুগলের প্রতিনিধিরা ডাটা প্রটেকশন আইন নিয়ে কথা বলেন।’
বাংলাদেশের বর্তমান অগ্রগতির প্রশংসা করে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতারা লং টার্ম ভিশনের দিকে নজর দেয়ার তাগিদ দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা উদ্যোগগুলো যেন নির্বাচিত সরকার এসে অনুসরণ করে, তেমন নীতি খুব জরুরি। লং টার্ম ভিশন ছাড়া কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানো সম্ভব না।
