ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১২
logo
প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

ঈদযাত্রায় ভোগাবে ১৩ পয়েন্ট, বাড়ানো হয়েছে টহল টিম

আসন্ন ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। প্রতিবছর ঈদ উপলক্ষে এসব পয়েন্টে যানজট সৃষ্টি হয়, ফলে ঘরমুখো মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়। এবারও একই চিত্র দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে তারা অতিরিক্ত জনবল মোতায়েনসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ঈদযাত্রার সময় তুলনামূলক কম যানজট হয়। তবে এবার ছয়লেন প্রকল্পের কাজ চলমান থাকায় মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা, মরজাল, বারৈচা- এই পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। অন্যদিকে নারায়ণগঞ্জ অংশের প্রায় ২২ কিলোমিটারজুড়ে ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কাঁচপুর বাসস্ট্যান্ড, তারাবো বিশ্বরোডের গোল চত্বর, রূপসী বাসস্ট্যান্ড, বরপা, গার্মেন্টসের মোড় ও গাউছিয়া স্ট্যান্ডে যানজট পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই এলাকাগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠা-নামার জন্য যানবাহন থামানো এবং মহাসড়কের ধীরগতির লেনে অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট, অস্থায়ী সবজির হাট, অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং এবং অবৈধ থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের মাত্রা বাড়তে পারে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় এ বছর যান চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে।
নরসিংদীর সাতটি পয়েন্টে দুশ্চিন্তা

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, ‘আমরা ইতিমধ্যে তৎপর হয়েছি। টহল টিম বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ অংশে মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না বলে আশাবাদী। পাশাপাশি সড়কের ওপর যেসব অবৈধ স্থাপন বসানো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। সব উচ্ছেদ করা হবে। মহাসড়ক ক্লিয়ার রাখা হবে।’

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত জনবল মোতায়েন, অবৈধ দোকান উচ্ছেদসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইটাখোলা ও ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিরসন, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মহাসড়কের থ্রি-হুইলার বন্ধে মাইকিংসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে চলমান সংস্কার কাজের জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিকল্প সড়কের উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram