

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে স্কুলে আসতে পারবেন। তবে সন্তানকে শ্রেণীকক্ষে নিতে নিরুৎসাহিত করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ কথা বলা হয়েছে।
পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক রাইহুল করিম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি শিক্ষকরা তাঁদের সন্তানদের স্কুলে নিয়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিষেধ করেন।
কিন্তু বুকের দুধ পান করা কোনো শিশু দীর্ঘ সময় মায়ের থেকে দূরে থাকবে তা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা তাঁদের ওপর অর্পিত দায়িত্বের কোনো ব্যত্যয় না ঘটিয়ে এবং বিদ্যালয়ের পরিবেশে কোনোরূপ বিঘ্ন ঘটিয়ে শিক্ষকরা তাঁদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে পারবেন।
গত ২৩ জানুয়ারি জারি করা এই আদেশ বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।
তবে সন্তানকে বিদ্যালয়ে আনলেও ক্লাসরুমে নিয়ে যেতে নিরুৎসাহিত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রয়োজনে শিক্ষকরা বিকল্প সহযোগী সাথে নিয়ে আসবেন। সম্ভব হলে বিদ্যালয়ে বা বিদ্যালয়ের পাশে বিকল্প সহযোগীর সহায়তার অস্থায়ীভাবে ডে কেয়ারের ব্যবস্থা করবেন। এ বিষয়ে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাকে শিশু সন্তানের প্রতি মানবিক দৃষ্টি রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
